শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিনোদন ডেস্ক:
শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ১ মে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অদ্য ১ মে ২০১৭ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডিরুমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির নেতাদের উপস্থিতিতে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ এপ্রিল পরিচালক সমিতির স্টাডিরুমে চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি পরিচালকদের সম্পর্কে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য বিভিন্ন সমিতির নেতাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। আজকের সভায় বিভিন্ন নেতা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে এর আগে শাকিব খানের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিল, তা আজ থেকে প্রত্যাহার করা হলো। তবে সব সংগঠনের নেতাদের নিয়ে অচিরেই একটি সমন্বয় কমিটি গঠন করে আমাদের চলচ্চিত্র শিল্পের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরি করা হবে। পরে সেই নীতিমালা মেনে সবাইকে কাজ করতে হবে। যদি কেউ সেই নীতিমালা ভঙ্গ করেন, তাহলে অবশ্যই তিনি শাস্তির আওতায় আসবেন।’

এর আগে, পরিচালকদের নিয়ে ‘বাজে’ মন্তব্য করার বিষয়ে ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে গিয়ে দুঃখ প্রকাশ করেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। সে সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠনের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। আর এর মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে সিনেপাড়ায় চলতে থাকা শাকিব বিতর্কের অবসান হলো।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শাকিব খান বলেছিলেন, ‘ব্যক্তিজীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম। তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

পরে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেছেন, ‘পরিচালক সমিতিতে এসে শাকিব ক্ষমা চেয়েছেন। শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই।’

এদিকে, শাকিব খানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আগে থেকেই ১ মে সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠনের সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। সোমবার দুপুর ১২টায় ১৩টি সংগঠনের এক জরুরি সভা ডাকা হয়। এফডিসির পরিচালক সমিতিতে ওই সভা শেষে শাকিবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকাই ছবির এ নায়ককে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি। একই দিন রাতে সমিতির প্যাডে শাকিব খানকে বয়কটের নতুন ঘোষণা দেয়া হয়। সেখানে বলা হয়, ‘সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশে মানহানিকর বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। এ কারণেই রোববার থেকে বন্ধ হয়ে যায় শাকিবের রংবাজ ছবির শুটিং।’

এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্খান নেওয়ায় কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর ৫ এর (ক) ধারা অনুসারে ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনীর সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি।

এদিকে, শাকিব খান গত ৩০ এপ্রিল দুপুরে জানিয়েছিলেন ১ মে বিকাল ৩টায় গুলশানের একটি রেস্তোঁরায় একটি সংবাদ সম্মেলন করবেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: