এবার মাদাম তুসোয় প্রভাসের মোমের ভাস্কর্য
বিনোদন ডেস্ক:
‘বাহুবলী’র সুবাদে আঞ্চলিক তারকা থেকে আন্তর্জাতিক অঙ্গনে মহাতারকা বনে যাওয়া তেলুগু অভিনেতা প্রভাস-এর মোমের ভাস্কর্য এবার স্থাপন করা হচ্ছে ব্যাংকক-এর মাদাম তুসো জাদুঘরে। প্রথম দক্ষিণ ভারতীয় তারকা হিসেবে মাদাম তুসোয় স্থান পেতে যাচ্ছেন তিনি।
যে ‘বাহুবলী’র সুবাদে এই সম্মানে ভূষিত হচ্ছেন প্রভাস, সেই ‘বাহুবলী’ বেশেই সাজানো হয়েছে তার মোমের প্রতিকৃতি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মোমের ‘বাহুবলী’র ছবি টুইটারে প্রকাশ করা মাত্র তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
‘বাহুবলী’র নির্মাতা এস.এস রাজামৌলি এই খবরে আনন্দ প্রকাশ করে টুইটারে লিখেছেন, “দারুণ খুশি এটা ঘোষণা করতে পেরে যে মাদাম তুসো আমাদের প্রভাস-এর মোমের ভাস্কর্য স্থাপন করবে। তিনিই হবেন প্রথম দক্ষিণ ভারতীয়, যাকে এই সম্মান দেওয়া হচ্ছে। ব্যাংককে ভাস্কর্যটি উন্মোচন করা হবে, তারপর এটি গোটা বিশ্বে ঘুরিয়ে আনা হবে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৫ সালে ‘বাহুবলী’র প্রথম কিস্তি মুক্তির পর থেকেই প্রভাস-এর ভাস্কর্য মাদাম তুসোয় স্থাপনের পরিকল্পনা চলছিল। কিন্তু দক্ষিণে রজনীকান্ত বা কমল হাসনদের মতো মহাতারকা থাকার পরও প্রভাস-এর মোমের প্রতিকৃতি স্থাপনের খবর হয়ে উঠেছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু জনপ্রিয়তার নিরিখে গোটা ভারতের সবচেয়ে সফল সিনেমা হিসেবে ‘বাহুবলী’র নাম উঠে আসায় এই চরিত্রটিকেই মোমের আকার দেওয়ার সিদ্ধান্ত নেয় মাদাম তুসো কর্তৃপক্ষ।
‘বাহুবলী’ সিরিজের দ্বিতীয় ও শেষ পর্ব ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে সম্প্রতি। প্রথম তিন দিনেই সিনেমাটি আয় করেছে ৫৪০ কোটি রুপি।

