বাকৃবিতে ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ভেটেরিনারি সায়েন্স অনুষদের ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রামের ইন্টার্নশিপ ভাতা একজন ভেটেরিনারি সার্জনের (বিসিএস) সমান করার দাবিতে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান, বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি অনন্ত পাল, যুগ্ম সম্পাদক সিয়াম আহমেদ ও ইমতিয়াজ আবীর, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইভিএসএ) বাকৃবি চ্যাপ্টারের এক্সচেঞ্জ অফিসার মাহ্দী হাসান, সদস্য মোশাহেদ আহমেদ নাঈম ও মো. আব্দুর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিয়মানুযায়ী একজন ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ ভাতা প্রথম শ্রেণির গ্রেজেটেড কর্মকর্তার অর্থাৎ ভেটেরিনারি সার্জনের বেতন স্কেলের সমান হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। যেহেতু ভেটেরিনারি সার্জনদের বেতন স্কেল বৃদ্ধি পেয়েছে সেহেতু ইন্টার্নশিপে শিক্ষার্থীদেরও মাসিক ভাতা বৃদ্ধি করা উচিত।

এসময় শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য দ্রুত ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবিও জানান ছাত্রনেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন এবং ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির জন্য একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর প্রেরণ করা হবে বলেও জানান  তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: