রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নারীসহ নিহত ৬

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে পুলিশের অভিযানে নারীসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে পাঁচ ‘জঙ্গি’ ও একজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। নিহত পাঁচ জঙ্গির মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

১১ মে বৃহস্পতিবার ভোর থেকে গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের মাঠের মধ্যে ফাঁকা একটি বাড়ি ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সী।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওই বাড়ি থেকে বেরিয়ে দুই জঙ্গি ‘আত্মঘাতী’ বিস্ফোরণ ঘটালে পুলিশের দুই সদস্য ও একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আবদুল মাতিন নামে ওই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পর বাড়ির ভিতরে আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওসি হিফজুল মুন্সী জানান, বাড়ির ভেতরে পঁচজনের মরদেহ পাওয়া গেছে। পরে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে।

আর কয়েক ঘণ্টা আস্তানার বাইরে বসে থাকার পর আত্মসমর্পণ করেছেন সুমাইয়া নামের এক নারী। তিনি ওই আস্তানা থেকে উদ্ধার হওয়া শিশু জুবায়ের (৫) ও দেড় মাসের শিশু আফিয়ার মা বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভোর ৬টা থেকে হ্যান্ডমাইকে একাধিকবার ওই বাড়িতে অবস্থানরত জঙ্গিদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য অনুরোধ করা হলেও কেউ বের হয়ে আসেনি।

এ বিষয়ে পুলিশ জানায়, পুলিশ সদর দফতরের দেওয়া তথ্যে তারা বাড়িটি ঘিরে রাখেন। ১০ মে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়িটি শনাক্ত করা হয়। সেখানে ৫/৬ জন জঙ্গি থাকতে পারে বলে তারা ধারণা করা হয়।

ওসি জানান, ওই বাড়িটির মালিক হচ্ছেন সাজ্জাদ হোসেন। তার দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন তিনি। দুই মাস আগে গ্রামের মাঠের মধ্যে তিনি বাড়িটি তৈরি করেছেন। তবে তার দুই ছেলে আলামিন ও ভাই সোয়েব কৃষি কাজ করে এবং সাজ্জাদ গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: