দায়িত্ব গ্রহণ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন। ১৪ মে রোববার ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে শপথ গ্রহণের পর দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফাবিয়াস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেব ম্যাক্রনের নাম ঘোষণা করেন।

শপথ গ্রহণের কিছুক্ষণ আগে এলিসি প্রাসাদে গিয়ে পৌঁছান ম্যাক্রন। সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ। ম্যাক্রনের পরপরই সেখানে যান তার স্ত্রী ও কন্যারা। প্রেসিডেন্ট হিসেবে শপথের পর আনুষ্ঠানিকভাবে এলিসি প্যালেস ত্যাগ করেন ওলান্দ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহটি খুব ব্যস্ত থাকবেন ম্যাক্রন। সোমবারই তার জার্মানি সফরের দিন। এদিন বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন তিনি।

কট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারিয়ে গত ৭ মে রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রন। তার এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ৩৯ বছর বয়সী ম্যাক্রন এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার পরপর ম্যাক্রনের দলের নাম ‘অঁ মার্শ’ (অগ্রসরমাণ) থেকে বদলে ‘লা রিপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) করা হয়েছে।

ম্যাক্রন বলেছেন, ৫৭৭ আসনের জাতীয় পরিষদের জন্য তার অর্ধেকই হবেন রাজনীতিতে নবীন।

  •  
  •  
  •  
  •  

Tags: