বাহরাইনে খেলার জন্য ডাক পেয়েছেন আশরাফুল
খেলাধুলা ডেস্ক:
গত বছরও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাহরাইনে ডাক পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এবারও দেশটির জাতীয় দিবসে প্রদর্শনী টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগামী ১৯ মে রাতে বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রদর্শনী ম্যাচটিতে খেলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোহাম্মদ শরিফও। আশরাফুল-শরিফের মতো ভারত থেকে ডাক পেয়েছেন পেসার শান্তাকুমারা শ্রীশান্ত এবং অলরাউন্ডার ইরফান পাঠান। পাকিস্তান থেকে এই ম্যাচে অংশ নেবেন শহিদ আফ্রিদি, পেসার সোহেল তানভীর, সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, রানা নাভিদ, ইমরান নাজির এবং সদ্য অবসরে যাওয়া টেস্ট দলপতি মিসবাহ-উল হক। এ ছাড়া শ্রীলঙ্কা থেকে এই প্রদর্শনী ম্যাচে আমন্ত্রণ পেয়েছেন তিলকারত্নে দিলশান এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে মারলন স্যামুয়েলস।
প্রদর্শনী ম্যাচটি খেলতে আশরাফুলের বাহরাইনে যাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের অনাপত্তিপত্রও তৈরি রয়েছে। আগামী ১৮ মে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ম্যাচ খেলেই বাহরাইন রওনা হবেন আশরাফুল।
অনাপত্তিপত্র তৈরি রয়েছে শরিফেরও। তবে তার যাওয়া নিয়ে কিছুটা দ্বিধায় আছেন শরিফ। ২০ তারিখ প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচ থাকায় এখনও নিশ্চিত নন লিজেন্ডস অব রূপগঞ্জের এই পেসার। ক্লাবের অনুমতি পেলেই আশরাফুলের সঙ্গে বাহরাইনের উদ্দেশে উড়াল দেবেন তিনি।
এ প্রসঙ্গে শরিফের ভাষ্য, ‘আশরাফুলের সঙ্গেই যাওয়ার ইচ্ছা আছে। ১৭ তারিখে প্রিমিয়ার লিগে শেখ জামালের সঙ্গে ম্যাচ। ম্যাচটা জিতলে হয়তো আমার জন্য বাহরাইন যাওয়া সহজ হবে। যেহেতু জাতীয় দলের বাইরে আছি আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ কাজে লাগাতে চাই। ক্লাবের ওপর বাকিটা নির্ভর করছে।’
নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের আগস্টেই ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। যদিও জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে নিষেধাজ্ঞাটা রয়েই গেছে। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

