রাবির মন্নুজান হল থেকে এইচএসসির উত্তরপত্র উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল থেকে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিকের প্রায় ১০০টি অমূল্যায়িত খাতা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সোমবার বিকেল ৫টার দিকে হলে অভিযান চালিয়ে উত্তরপত্রগুলো জব্দ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে হলের গণরুম থেকে দুই ব্যাগ খাতা উদ্ধার করা হয়। এসময় ডরমেটরিতে থাকা ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খাতাগুলো উদ্ধার করে নিয়ে যায় শিক্ষার্বোডের কর্মকর্তারা।
বিষয়টি সম্পর্কে মন্নুজান হলের প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসি বলেন, মন্নুজান হলে এইচএসসি খাতা রয়েছে-এমন তথ্য শিক্ষাবোর্ডের কর্মকর্তারা আমাকে জানালে বিষয়টি আমি বিশ^বিদ্যালয়ের প্রক্টরকে জানাই। পরে প্রক্টর ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকারসহ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হলের ১নং গণরুমে তল্লাশী চালিয়ে ১০০টি খাতা উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান বলেন, ‘মন্নুজান হলের ডরমেটরি যেখানে ১০০ মেয়ে থাকে তার সামনে বারান্দায় থেকে আমরা খাতাগুলো উদ্ধার করতে পেরেছি। যেহেতু এক রুমে ১০০জন থাকে সেহেতু ওই খাতাগুলো কার কাছে ছিল, কে এনেছিল এইটা খুঁজে বের করা সম্ভব নয়। এবিষয়ে জানার জন্য ১০-২০জন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছি।’
এ বিষয়ে রাজশাহী শিক্ষার্বোডের নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এইচএসসি পরীক্ষা ২০১৭ এর ২৬৮ কোডের দুই ব্যান্ডিল খাতা ঠুকছে। খাতাগুলো মূল্যায়ন করার জন্য নগরীর নিউ গভমেন্ট কলেজের অধ্যাপক আবুল কালামকে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খাতাগুলো উদ্ধার করা হয়েছে। কিভাবে খাতাগুলো এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে খাতাগুলো বারান্দায় পাওয়ায় কোনো শিক্ষার্থী এ ঘটনার সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

