‘রবি ইয়ুথ ফেস্ট ২০১৭’ এ বিজয়ী বাকৃবির দুই শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
স্বপ্নটা ছিলো অনেক আগে থেকেই! বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক লেখাপড়ায় ডুবে না গিয়ে একটু ব্যতিক্রম কিছু করার, নিজের দেশ আর বিশ্ববিদ্যালয়কে সবার সামনে নতুন করে তুলে ধরার। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘রবি ইয়ুথ ফেস্ট ২০১৭’ এর চূড়ান্ত পর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) বিজয় মুকুট এনে দিয়েছে র্যাচেল অদিতি রেমা ও সাজিয়া আহমেদ।
সিঙ্গাপুরে আগামী সেপ্টেম্বরে ২৭ থেকে ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ‘স্পাইক এশিয়া’ ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন এই শিক্ষার্থীদ্বয়। যেখানে এশিয়ার বিভিন্ন দেশের দেশ সেরা শিক্ষার্থীরা অংশ নেবেন।
সেমিস্টার সিস্টেমের লেখাপড়ার চাপে এধরনের কিছু করে দেখানো প্রায়ই দুরূহ হয়ে ওঠে, তার উপর চলছিল মাস্টার্সের ক্লাস পরীক্ষা। এতসব সামলেও মনের মধ্যে রাখা সেই দীর্ঘদিনের স্বপ্নকে সত্যি করতে খুব অল্প ক’দিনের প্রস্তুতি নিয়ে ‘রবি ইয়ুথ ফেস্ট ২০১৭’ অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের র্যাচেল অদিতি রেমা ও সাজিয়া আহমেদ।
দুজনেই কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক। র্যাচেল এমএস করছেন কৃষি অর্থনীতি বিভাগে আর সাজিয়া কৃষিব্যবসা ও বিপণন বিভাগে।
সারা দেশের বিভাগীয় প্রাথমিক বাছাই পার হয়ে চূড়ান্ত পর্বে ৪০ টি দলের সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়া, সহজ বিষয় নয়। এরকম জাতীয় পর্যায়ের একটি বড় প্রতিযোগিতা!
কিভাবে পারলেন? এরকম প্রশ্নের জবাবে দু’জনেরই একই উত্তর–সম্পূর্ণ নিজের চেষ্টা আর ভালো কিছু করে দেখানোর তাগিদ। র্যাচেল আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং এর সাথে সংশ্লিষ্টদের।
কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক না হয়ে সারা বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করছেন তারা, শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে থাকলে সমগ্র বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
বিদেশের মাটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব? অনুভূতি কেমন? দুজনের কণ্ঠেই আত্মবিশ্বাসের সুর। দেশকে উপস্থাপন করবেন এরকম একটা দায়িত্ব মাথায় রেখেই প্রস্তুত হচ্ছেন র্যাচেল আর সাজিয়া।
উল্লেখ্য, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় চূড়ান্ত বাছাইয়ে দেশের আটটি বিভাগের মোট ৪০টি দল অংশ নেয়। ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ৫টি দল হয় ‘উইনার অফ রবি ইয়ুথ ফেস্ট ২০১৭’। B Category, FOOD – Betel Leaf এই ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিজয় মুকুট এনে দেন তারা।


