সড়ক দুর্ঘটনায় দুই জাবি শিক্ষার্থী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হচ্ছেন- মার্কেটিং বিভাগের ৪৩ তম আবর্তনের নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩ আবর্তনের শিক্ষার্থী আরাফাত। তারা আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুরা জানান, গত বৃহস্পতিবার রাতে তাবলিগ জামাতে অংশ নিতে ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কলমা এলাকার মার্কাস মসজিদে অবস্থান করছিলেন। সেখান থেকে আজ সকালে রিকশাযোগে ক্যাম্পাসে ফেরার পথে ভোর সাড়ে ৫টার দিকে সিঅ্যান্ডবি ও বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হলের মাঝামাঝি স্থানে আসলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. গৌতম ঘোষ রানাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় আরাফাতকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে আরাফাত মারা যান।

রানার বাড়ি পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামে এবং আরাফাতের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়।

পরে দুজনের লাশ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাউকেই শেষ বারের মতো ক্যাম্পাসে নিতে দেয়নি। এ নিয়ে প্রশাসন ও ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের তুমুল বাক-বিতণ্ডা হয়।

  •  
  •  
  •  
  •