লিটন নন্দীসহ ৪ জনের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে আটক ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত।
মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী রোববার তাদের পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে তাদের পক্ষে আদালতে জামিন চান ব্যারিস্টার সারা হোসেন।
শুক্রবার রাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে আটকদের বিরুদ্ধে জামিন অযোগ্য হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মিছিল থেকে আটক ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় শুক্রবার রাত ১২টায় মামলাটি করেন। (মামলা নাম্বার ৩৯)। এই মামলার মধ্যে ৩০৭ ধারায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে, যা জামিন অযোগ্য। এছাড়া পেনাল কোডের ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
হেফাজত ইসলাম, ওলামা লীগসহ ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে বৃহস্পতিবার রাতে ভাস্কর্য অপসারণ করা হয়। এর প্রতিবাদে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ শুরু করে। শুক্রবার সকালে এ রকম একটি প্রতিবাদ মিছিল টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

