পদ্মাসেতুর পাইলিং কাজে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার
নিজস্ব প্রতিবেদক:
পদ্মাসেতু প্রকল্পের পাইলিং কাজের জন্য ৩ হাজার কিলোজুল শক্তিসম্পন্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার আইএইচসি ৩০০ বাংলাদেশে এসেছে।
৫ জুন সোমবার সকালে পদ্মাসেতুর নির্মাণ এলাকা মুন্সিগঞ্জের মাওয়ায় এসে পৌঁছায় হ্যামারটি। এর আগে গত ২৭ এপ্রিল নেদারল্যান্ডসের পোর্ট অব রটারড্যাম থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় জার্মানির মিউনিখে তৈরি এ হ্যামারটি।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মাসেতুতে বর্তমানে ২৪০০ এবং ২০০০ কিলোজুল শক্তি ক্ষমতার দুটি হ্যামার ব্যবহৃত হচ্ছে। এ হ্যামার দুটি মাওয়া প্রান্তে কাজ করবে। আর নতুন হ্যামারটি এক সপ্তাহের মধ্যে অ্যাসেম্বলি হওয়ার পর সেতু প্রকল্পের জাজিরা প্রান্তে পাইল ড্রাইভ কাজে যোগ দেবে।
জানা গেছে, পদ্মা নদীর মাঝের ৪০টি পিলারের ২৪০টি এবং দুই পারে দুটি পিলারের ২৮টিসহ মূল সেতুর মোট ২৬৮টি পাইল স্থাপন করা হচ্ছে। এছাড়া দেড় কিলোমিটার করে উভয় প্রান্তে তিন কিলোমিটার সংযোগ সেতুর (ভায়াডাক্ট) জন্য আরও ৩৬৫টি পাইল করা হচ্ছে। এর মধ্যে মাওয়া অংশে ১৭২টি এবং জাজিরা অংশে ১৯৩টি পাইল রয়েছে।

