ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি দাম

বিনোদন ডেস্ক:
পাওলি দাম বাংলাদেশে এখন বেশ পরিচিত নাম। নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের হাত ধরে বাংলাদেশি সিনেমায় অভিষেক হয়েছিল এ বছরের এপ্রিলে। তার আদিনিবাসও বাংলাদেশের ফরিদপুরে।

খবর হলো বিয়ে করছেন পাওলি দাম। এ বছরের ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসছেন বাংলাদেশের সিনেমা ‘সত্তা’ খ্যাত এ অভিনেত্রী। পাত্র গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব।

পাওলি দামের বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন সত্তার নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। বিয়েতে সপরিবারে আমন্ত্রণ পেয়েছেন বলেও নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন তিনি।

‘তিথির অতিথি’ সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু পাওলির। তারপরে ধীরে ধীরে নানা ছবির পরে গৌতম ঘোষের ‘কালবেলা’ই তাকে অন্য পরিচয়ে পৌঁছে দেয়। ‘ছত্রাক’ এর সাফল্য এবং তারপর নানা ভিন্নধর্মী ছবিতে পাওলি নিজেকে প্রমাণ করেন। ‘হেট স্টোরি’ দিয়ে তার হিন্দি ছবিতে প্রবেশ। এর মাঝে টিভি ধারাবাহিক ‘মহানায়ক’-এ সুচিত্রা সেন হিসেবে তিনি ছাপ রেখেছেন নিজের কাজের।

এ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হবে গুয়াহাটির তাজ হোটেলে। ৬ তারিখে ওখানেই রিসেপশন এবং ফুলশয্যা। তার কিছুদিন পরে কলকাতায় সাড়ম্বরে রিসেপশনের আয়োজন হবে। দিনটা অবশ্য এখনও স্থির হয়নি।

বছর দুয়েক আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়। অর্জুনের দিদি দিল্লিতে থাকায়, মাঝে মধ্যে দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও তাদের নিয়ে নানা কথা প্রকাশিত হয়। কিন্তু মাত্র দিন দু’য়েক আগে বিয়ের দিন স্থির হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: