নতুন সরকার গঠনের ঘোষণা দিলেন তেরেসা মে
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠন করবেন তিনি আজ শুক্রবার এই ঘোষণা দেন।
বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার পর এ কথা বলেন তেরেসা মে। আজ শুক্রবার সরকার গঠনের অনুমতি নিতে রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
তেরেসা মের দল কনজারভেটিভ পার্টি গতকালের নির্বাচনে ৩১৮ আসন পেয়েছে। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬৫০ আসনের হাউস অব কমনসে দলটির আরও ৮টি আসন প্রয়োজন। ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) পেয়েছে ১০টি আসন। সরকার গঠনে ডিইউপির সমর্থন পাচ্ছে কনজারভেটিভ পার্টি।
টোরির আসন হারানো, ভোট হারানো এবং জনসমর্থন কমাকে যথেষ্ট উল্লেখ করে প্রতিপক্ষ লেবার নেতা জেরেমি করবিন এরই মধ্যে টেরিজা মে কে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘লেবার নেতৃত্ব দিতে প্রস্তুত।’
অন্যদিকে, লিব ডেম নেতা টিম ফ্যারনও বলেছেন, ‘মে’র লজ্জ্বা পাওয়া উচিত।’ তিনি বলেন, ‘বিন্দু পরিমাণ আত্মমর্যাদা থাকলে তার পদত্যাগ করা উচিত।’
রানির সঙ্গে দেখা করার পর থেরেসা মে বলেন, নির্বাচনে সবচেয়ে বেশি আসন ও সবচেয়ে বেশি ভোট পাওয়ার পর তার দলই ‘বৈধভাবে’ সরকার গঠন করতে পারে। তিনি বলেন, বন্ধু ও মিত্রদের সঙ্গে নিয়ে ডিইউপির সঙ্গে একযোগে কাজ করে ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।
মে সবার উদ্দেশ্যে বলেন, ‘আসুন সবাই মিলে একযোগে কাজ করি।’

