‘বস টু’ সিনেমার প্রচারণায় ঢাকায় আসছেন জিৎ

বিনোদন ডেস্ক:
কলকাতার অভিনেতা জিৎ ঢাকায় আসছেন মঙ্গলবার। এবারের সফরে ‘বস টু’ সিনেমার প্রচারণায় অংশ নেবেন এ তারকা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে এমন খবর পাওয়া গেছে।

এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় আসছেন জিৎ। এ সফরে তিনি তিনদিন অবস্থান করবেন। মঙ্গলবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন, ঢাকা ছাড়বেন ১৫ জুন।

এর আগে ৫ জুন ‘বস টু’র প্রচারণায় ঢাকায় আসার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেই সফর বাতিল করা হয়।

জাজের সাথে ‘বস টু’ প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলি। আরেকটি চরিত্রে আছেন ঢাকার নুসরাত ফারিয়া। পরিচালনা করেছেন বাবা যাদব।

ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও ‘বস টু’ এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি— সিনেমাটির বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগ করেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। এছাড়া কিছুদিন আগে অভিযোগ উঠে ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গানের বিরুদ্ধে। দর্শকদের ক্ষোভের মুখে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেয় জাজ মাল্টিমিডিয়া। শোনা যাচ্ছে, গানটির কথায় পরিবর্তন আসছে।

২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস : বর্ন টু রুল’। সে সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হলো ‘বস টু : ব্যাক টু রুল’। আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান ও সীমান্ত।

  •  
  •  
  •  
  •  

Tags: