২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন মেসি
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার হয়ে আরও কিছুদিন মাঠ মাতাবেন লিওনেল মেসি, এটা একরকম নিশ্চিত ছিলো। কিন্তু চুক্তি নবায়ন না হওয়ায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো বার্সেলোনা ও মেসি ভক্তদের মনে। শেষ পর্যন্ত ভক্তদের শঙ্কা দূর করলো বার্সেলোনা। বুধবার মেসির সাথে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি।
আগামী চার বছরের জন্য মেসির সাথে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখছে বার্সা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে তারা। নতুন চুক্তি অনুযাযী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি।
বিবৃতিতে বার্সা বলেছে, ফুটবল ক্লাব বার্সেলোনা ও লিওনেল মেসি চুক্তি নবায়নে সম্মত হয়েছে। ফলে ২০২১-এর জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে আরও চার বছরের চুক্তি করতে পারায় বার্সেলোনা খুবই খুশি। মেসিও তার সন্তুষ্টির কথা জানিয়েছেন। এর ফলে বার্সার সাফল্যের মুকুটে আরও অনেকগুলো পালক যুক্ত হবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।
নতুন চুক্তিতে মেসির বাই আউট ক্লোজের পরিমাণ কত সে সম্পর্কে কিছু জানায়নি বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে অর্থের পরিমাণ ৩০০ মিলিয়ন ইউরো। নতুন চুক্তি অনুযায়ী সবচেয়ে দামি ফুটবলারের তকমাটাও গায়ে মাখতে যাচ্ছেন লিওনেল মেসি। কারণ কর পরিশোধের পরও বার্ষিক ২২ মিলিয়ন ইউরো পাবেন তিনি।
গেল সপ্তাহে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেছেন মেসি। এই মুহূর্তে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হানিমুনে রয়েছেন আধুনিক ফুটবলের এই ক্ষুদে জাদুকর। মধুচন্দ্রিমা শেষ করে স্পেনে ফিরেই মেসি নতুন করে চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে বার্সা। আগামী ১২ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য সকল ফুটবলারদের একত্রিত হতে বলেছে বার্সেলোনার। তারপর শুরু হবে প্রাক মৌসুমের প্রস্তুতি। ফলে এর আগে অবশ্য বার্সায় ফেরার সম্ভাবনা নেই মেসির।
বার্সেলোনায় মেসির অভিষেক হয়েছিলো ২০০৪ সালে। এরপর অসামাণ্য সব পারফরম্যান্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই সময়ের মধ্যে কাতালান ক্লাবটির হয়ে আটটি লা লিগা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৩০টি শিরোপা। বার্সার জার্সিতে ৬১৫ ম্যাচ খেলে ৫১৮টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

