শিক্ষার্থীদের পড়া বুঝাতে গিয়ে বিপদে শিক্ষক!
কুমিল্লা প্রতিনিধিঃ
‘জাতীয় শোক দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া তারেক ক্লাস নিয়েছেন’ ছাত্রলীগের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এক মাসের ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৭ আগস্ট বৃহস্পতিবার শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে ছুটিতে পাঠানো হয়। এছাড়া চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ।
এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার শোক দিবসে শিক্ষক মাহবুবুল ক্লাস নিয়েছেন দাবি করে তার অপসারণ চেয়ে উপাচার্যের কাছে লিখিত দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগের দাবি, শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে অপসারণ করতে হবে।
যদিও এ অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন মাহবুবুল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘শোক দিবসে সকালের কর্মসূচি শেষে নিজ বিভাগে আসার পর কয়েকজন শিক্ষার্থী কয়েকটি টপিকস এর ব্যাপারে জানতে চান। তাদের একটি কক্ষে নিয়ে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়েছে। সেদিন ক্লাস নেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।‘
উল্লেখ্য, মাহবুবুল হক ভূঁইয়া তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

