পানিতে ডুবে সাবেক ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা (৭৮) আর নেই। ২৭ আগস্ট রোববার দুপুর দুইটার দিকে রাজশাহী শহরের সাগরপাড়ায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে তিনি ডুবে যান। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দুপুরে খালেদ মাসুদের বাবা শামসুল আলম বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পরে দীর্ঘক্ষণ তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ডুবুরিরা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পাইলটের বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদের বাবা শামসুল আলম মোল্লাও একজন খেলোয়াড় ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: