রাবিতে ছাত্রীর শ্লীলতাহানীকারী শিক্ষকের শাস্তির দাবি

রাবি সংবাদদাতা:
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক এটিএম রফিকুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দলীয় টেন্ট থেকে তারা মিছিল করে বিশ্ববিদ্যলয়ের প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে ।

সমাবেশে উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল, সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, মেহেদী হাসান রাসেল, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মিনারুল ইসলামসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, প্রগতিশীল নামধারী জামাত-শিবিরের প্রেতাত্ত্বা শিক্ষক এটি এম রফিকুল ইসলাম। যৌন নিপীড়নকারী এ শিক্ষককে অনতিবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটি এম রফিকুল ইসলামের পদত্যাগ দাবী করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

অভিযক্ত শিক্ষকের পদত্যাগ ও উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারী উচ্চারণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, গত রোববার ওই ছাত্রী অভিযোগ দেয়। এরপর আজ গতকাল মঙ্গলবার ওই শিক্ষকের পক্ষে রোকেয়া হলের ছাত্রীদের স্বাক্ষর সংবলিত অভিযোগ পেয়েছি। আমরা সবার অভিযোগই খতিয়ে দেখছি। প্রকৃত ঘটনা তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •