প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার খবর ভিত্তিহীন : পিএমও

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে দেশের গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে একটি বিদেশি টেলিভিশন চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিগত ২৪ আগস্ট প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবর প্রকাশ করে। প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সাথে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর ওপর হামলার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যেকোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষে মোটেও কাম্য নয়। এমন ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং বিচার-বিবেচনাপ্রসূত গণমাধ্যম কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এই বিবৃতির আগে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুও চক্রান্তের খবর অস্বীকার করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: