নেইমারের সতীর্থকে যেকোনো মূল্যে বার্সেলোনায় চান মেসি-সুয়ারেজ!
স্পোর্টস ডেস্কঃ
নেইমার প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যাওয়ার পর থেকেই ফিলিপে কোটিনহোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান এই তারকাও লিভারপুল থেকে বার্সেলোনায় যেতে ইচ্ছুক। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কোটিনহোর জন্য লিভারপুলকে তিনবার প্রস্তাব দিয়েও প্রত্যাখাত হয়েছে কাতালানরা।
নেইমারের জাতীয় দলের এই সতীর্থকে দলে ভেড়াতে এবার এগিয়ে গেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। স্পেন ও ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে কোটিনহোর এজেন্টের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা সেরেছে বার্সেলোনা।
আসছে জানুয়ারিতে শীতকালীন দলবদলে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যেতে চান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোটিনহো। বার্সেলোনার দুই তারকা ফুটবলার মেসি-সুয়ারেজও আগামী জানুয়ারিতে কোটিনহোকে ন্যু ক্যাম্পে দেখতে চান। ডন ব্যালন ও মুন্ডো দেপোর্তিভোর প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে । বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ চান কোটিনহো দলে নেইমারের অভাব পূরণ করুক। মেসিও চান দলের সঙ্গে যুক্ত হোক বড় কোনো নাম। যাতে বার্সেলোনার শক্তি আরও বাড়ে।
একাধিক স্প্যানিশ ক্রীড়া দৈনিকের দাবি, ১২০ মিলিয়ন ইউরো খরচ করে কোটিনহোকে কিনবে বার্সেলোনা। তবে ব্লিচার রিপোর্ট বলছে অর্থের এই অঙ্কটা বেড়ে দাঁড়াতে পারে ১৬০ মিলিয়ন ইউরোতে।

