বৃষ্টি থাকতে পারে আরো দুই দিন

নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি আরো দুয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো দুই থেকে এক দিন বৃষ্টি হতে পারে। আর রোববার নাগাদ সূর্যের দেখা মিলতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, গতকাল বুধবার মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো বাতাস হয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাবনা, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় উত্তর–পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাসসকে জানান, বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে যাবে এবং শীতের প্রকোপ বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  •  
  •  
  •  
  •