আজ প্রাথমিক সমাপনীতে বসছে ৩১ লাখ শিশু
নিউজ ডেস্কঃ
আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশের ৭ হাজার ২৬৭টি ও বিদেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আজ প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা।
প্রায় ৩১ লাখ খুদে পরীক্ষার্থী অংশ নিচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনীতে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এবারে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে ছাত্রী ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন এবং ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন। মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। মোট ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
আজ শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। সময়সূচি অনুযায়ী, বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দেড়টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা বাড়তি ২০ মিনিট পাবে। ছয়টি বিষয়ে এই পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সকাল ১১টায় মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানিয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
‘কেবলমাত্র জরুরি প্রয়োজনে অফিস কক্ষে সীমিত ব্যবহারের লক্ষ্যে কেন্দ্র সচিব মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও পরীক্ষা কক্ষে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।’
পরীক্ষাকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু, দেখাদেখি ও দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে আছে, পরীক্ষার হলে কোনো শিক্ষক মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না।
এক উপজেলার উত্তরপত্র জেলার মাধ্যমে আরেক উপজেলায় বণ্টন করা হবে। এবার প্রথমবারের মতো টেবুলেশন কার্যক্রমও যেই উপজেলা খাতা দেখবে সেখানে করার নিয়ম জারি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

