বাকৃবিতে ইয়াবাসহ আটক এক যুবক
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ রাজা আব্দুল (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার রাত আটটার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বাসা ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায়।
জানা যায়, রাত ৮টার দিকে রাজা আব্দুলকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহজালাল হলের সামনে থেকে দুই পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক শিক্ষার্থীদের কাছে সে ইয়াবা সরবরাহ করে। তাকে প্রধান নিরাপত্তা শাখায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী প্রক্টর ও পর্যবেক্ষক কমিটির সভাপতি ড. এ কে শাকুর আহম্মেদ বলেন, মাদকের ব্যাপারে আমরা সোচ্চার। বাকৃবি পুলিশ প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে আমরা বিভিন্ন ধাপে কাজ করছি।

