‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলনে শিক্ষকরা
নিউজ ডেস্কঃ
জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেয়ার দাবিতে ‘নো বিসিএস, নো ক্যাডার’ শীর্ষক কর্মসূচি পালন করছেন সরকারি কলেজের বিসিএস শিক্ষকেরা।
রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন চলবে সোমবার পর্যন্ত।
এদিকে, ১৫ হাজারেরও বেশি বিসিএস শিক্ষকের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ আছে। সেই সঙ্গে আন্দোলনের দুদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্নাতক (সম্মান, পার্ট-৩) বিশেষ ও স্নাতক কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিসিএস শিক্ষকেরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আগামী বছরের জানুয়ারি মাসে তারা আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
সম্প্রতি উপজেলা পর্যায়ে ২৮৫টি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন কলেজগুলোর প্রায় ১২ হাজার শিক্ষকও ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হবেন- এমন ধারণা থেকে বিসিএস শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। যদিও শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারিকরণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
কর্মবিরতি পালন করা শিক্ষকদের দাবি- নতুন জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করে তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তসহ স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন। সেই সঙ্গে তারা যেন বর্তমান ও ভবিষ্যতে বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়াদের অন্তর্ভুক্ত না হতে পারেন সেই ব্যবস্থা নেয়ার দাবি আন্দোলনকারীদের।

