এ বছর ১১০ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
বছরটা প্রায় শেষ। সংঘাত-সহিংসতাসহ নানা ঘটনায় এ বছরে সারা বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত এক দশকে নিহত সাংবাদিকের সংখ্যা ৭৮৭ জনে গিয়ে দাঁড়াল। এ ছাড়া জিম্মি হয়ে আছেন ৫৪ সাংবাদিক, আর কারাবন্দী ১৫৩ জন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

আরএসএফের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরাক ও সিরিয়া সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক’ স্থান। দায়িত্বপালনের সময় সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ইরাকে ১১ জন এবং সিরিয়াতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানেই আছে ফ্রান্স। চলতি বছরের জানুয়ারিতে রম্য সাময়িকী শার্লি হেবদোর কার্যালয়ে এক হামলার ঘটনায় ৮ সাংবাদিক নিহত হন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর নিহত বাকি ৪৩ সাংবাদিকের মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। তবে এ সব মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ ছাড়া ২০১৫ সালে ‘পেশাদার নন’ কিংবা ‘নাগরিক সাংবাদিক’ নিহত হয়েছেন ২৭ জন। অন্যান্য মিডিয়া কর্মীও নিহত হয়েছেন সাতজন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে এ বছর ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ওই প্রতিবেদনে এ বছর বাংলাদেশে চার ব্লগার নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে তাঁরা কেউ সাংবাদিক নন।

আরএসএফের তথ্য অনুযায়ী, সিরিয়ায় ২৬ জনসহ এ বছর সারা বিশ্বে ৫৪ সাংবাদিক জিম্মি হয়েছেন। আর কারাগারে আছেন ১৫৩ সাংবাদিক; যার মধ্যে চীনে ২৩ জন এবং মিসরে ২২ জন। আরএসএফ জানায়, ২০১৪ সালে নিহত সাংবাদিকদের দুই-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকায়। ওই বছর বিশ্বব্যাপী ৬৬ সাংবাদিক নিহত হন। কিন্তু ২০১৫ সালে এ চিত্র প্রায় দ্বিগুণের কাছাকাছি।

এ বছর দায়িত্ব পালনকালে নিহত ৬৭ সাংবাদিকসহ ২০০৫ সাল থেকে গত এক দশকে সংঘাত, সহিংসতা এবং হত্যায় নিহত সাংবাদিকের সংখ্যা মোট ৭৮৭ জনে গিয়ে দাঁড়াল।

  •  
  •  
  •  
  •