বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর’ উড়োজাহাজের সফল পরীক্ষা

নিউজ ডেস্ক:

যে প্লেন জল ও স্থল উভয় স্থানেই ওঠানামা করতে পারে সেগুলোকে উভচর উড়োজাহাজ বা অ্যামফিবিয়াস প্লেন বলা হয়। আর দীর্ঘ ৮ বছরের চেষ্টার পরে চীনের রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) প্রথমবারের মতো উভচর উড়োজাহাজের সফল পরীক্ষা চালিয়েছে।

২৪ ডিসেম্বর রোববার সকালে চীনের গুয়াংডং প্রদেশে উভচর ওই উড়োজাহাজটি জিনওয়ান বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ চীন সাগরের উপকূল পরিভ্রমণ করে।

‘কুনলং’ নাম দেওয়া এই এজি৬০০ মডেলের ‘উভচর’ উড়োজাহাজটি মাটিতে, আকাশে ও পানিতে চলাচলে সক্ষম। নতুন এই প্লেনে চারটি টারবোপপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্লেনের দৈর্ঘ্য ৩৯.৬ মিটার আর এর পাখার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় ৫০০ কিলোমিটারের এবং সর্বোচ্চ ৫৩.৫ টন ওজন নিয়ে উড়তে পারবে।

‘কুনলং’ চীনা সংস্কৃতিতে উচ্চাশার প্রতীক এবং চীনা ভাষায় বিরাট এক পৌরাণিক মাছ ‘কুন’ আর লং মানে ‘ড্রাগন’। উড়োজাহাজটি সামরিক ব্যবহারের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। তবে এটি মূলত অগ্নিনির্বাপণ ও সামুদ্রিক উদ্ধারাভিযানে ব্যবহার করা হবে।

  •  
  •  
  •  
  •