ঢাকা উত্তরের মেয়র পদে লড়বেন শাফিন আহমেদ

বিনোদন ডেস্ক:
দেশের শীর্ষ স্থানীয় এবং জনপ্রিয় রক ব্যান্ড মাইলস এর বেজ গিটারিস্ট, ভোকাল ও সংগীতশিল্পী শাফিন আহমেদ এবার নির্বাচনে লড়বেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর উপ-নির্বাচনে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর পক্ষ থেকে মেয়র প্রার্থী হচ্ছেন তিনি।

আজ (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। সে সময় তার পাশে শাফিন আহমেদও উপস্থিত ছিলেন। তিনি এ দলটির একজন উচ্চ পরিষদ সদস্য।

গত ৩০ নভেম্বর না ফেরার দেশে চলে গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র আনিসুল হক। ডিএনসিসি এর মেয়র পদটি শূন্য হওয়ায় এ মাসের পুরোটা সময়ই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ণের কাজটি করে যাচ্ছেন। আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ডিএনসিসির মেয়র পদের জন্য তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: