রণবীর ব্যস্ত আলিয়াকে নিয়ে

বিনোদন ডেস্ক:

নতুন বছরের শুরুতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। বড়দিন, নতুন বছরের হলিডে কাটিয়ে সবাই এখন ফুরফুরা মেজাজে রয়েছেন। সেই তালিকায় আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি হয়ে কাজ করছেন তারা। ইতিমধ্যেই দুজন উড়ে গিয়েছেন ইজরায়েলে। সেখানেই ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের শুটিং করবেন তারা।

ইজরায়েলে রণবীর ও আলিয়ার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রণবীরের একটি ফ্যান ক্লাব টুইটারে শেয়ার করেছে দুই তারকার ফ্যানদের সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি। একটি রেস্তোরাঁয় রণবীর ও আলিয়া দু’জনেই ফ্যানেদের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটিয়েছেন।

ধর্মা প্রোডাকশনের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডের একেবারেই নতুন স্টাইলের একটি ছবি। এখানে অ্যাডভেঞ্চারের সঙ্গে ফ্যান্টাসির মিশেল রয়েছে। ছবির নামের পিছনে রয়েছে, প্রাচীন ভারতের শক্তি-সম্পদ এবং রাজকীয় ইতিহাস।

এই ছবি দিয়ে প্রথমবার জুটি হলেন রণবীর ও আলিয়া। একই সঙ্গে ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। রণবীর-আলিয়াও জীবনে প্রথমবার বিগ বি’র সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই ছবি দিয়েই। আর সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৫ অগস্ট মুক্তি পাবে এই ছবি।

  •  
  •  
  •  
  •