পদ্মাসেতুর মূলকাজ ৫১.৫ শতাংশ শেষ হয়েছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:
পদ্মাসেতুর মূলকাজ ৫১.৫ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি আরও বলেন, নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। পৃথিবীর অন্যতম দীর্ঘতম সেতু এটি। আমরা পুরোপুরি আশাবাদী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। মাওয়া প্রান্তে ২৪০টি পাইলিংয়ের মধ্যে ৯৩টির কাজ শেষ হয়েছে। ১১টির কাজ আংশিক হয়েছে। জাজিরা অংশে ১৯৯টি পাইলিংয়ের মধ্যে সবক’টি শেষ প্রায়।
দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন। আর ওপর দিয়ে চলবে যানবাহন।
গত ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
ওবায়দুল কাদের বলেন, “ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে আসবেন।”
প্রধামন্ত্রী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “এ সময় তিনি পদ্মা সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন।”
৪২টি খুঁটির (পিলার) ওপর মোট ৪১টি স্প্যান বসানো হবে পদ্মা সেতুতে। ৪১টি স্প্যানের অংশগুলো তৈরি হচ্ছে চীনে। এর পর সমুদ্রপথে এগুলো জাহাজে করে দেশে আনা হয়। সেখান থেকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নিয়ে ফিটিং করা হয় এসব স্প্যান।

