‘হুজ হু বাংলাদেশ ২০১৭’ পদক পেয়েছেন ড. এম. এ. রহিম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, শিল্প ও সাহিত্য, সামাজিক কর্মকাণ্ড, কৃষি, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি শাখায় বিশেষ অবদানের জন্য ১২ গুণীজনকে সম্মাননা জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ‘হুজ হু’।

কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ ২০১৭’ পদক পেয়েছেন বাউ-জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. এ. রহিম।

গেল বছর ১লা ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর র‌্যাডিসন হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং হুজ হু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. এ কে আবদুল মোমেন, প্রধান নির্বাহী নাজিনুর রহিম, নির্বাহী পরিচালক এস এম আলতাফ হোসেন, পরিচালক রুখসানা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননা পেয়ে ভালো লাগার কথা জানিয়ে প্রফেসর ড. এম এ রহিম বলেন, এ ধরনের সম্মাননা পেলে যারা কৃষিতে নিয়োজিত, তারা খুব খুশি হন, ভাল কিছু করার অনুপেরণা পান।

উল্লেখ্য, ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় ও প্রভাবশালী গুণী জনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক প্রদান করে আসছে। এখন পর্যন্ত সারা বিশ্বে ৩৩ হাজার গুণী জনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে ‘হুজ হু’। বাংলাদশের গুণী জনরা ২০১৬ সাল থেকে এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন। ১২ জন গুণী জনকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: