তিন বাংলাদেশি পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড, উপস্থাপনায় পায়েল

বিনোদন ডেস্ক:

কলকাতা সল্ট লেকের ইজেডসিসি কেন্দ্রে গতকাল মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেলো ১৮তম আন্তর্জাতিক মাদার তেরেসা পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশের মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েল।

সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির প্রধান পৃষ্ঠপোষক শ্যামল সেন, কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস, পশ্চিমবঙ্গের বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত প্রমুখ।

এবারের ১৮তম আসরে বাংলাদেশের হয়ে সামাজিক কাজে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পান তিন বাংলাদেশি। তারা হলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এবং শিল্পপতি হিসেবে সম্মাননা পান আবদুর কাদের মোল্লা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের তিন ব্যক্তিকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক হাতে তুলে দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

মাদার তেরেসা রত্ন’ পুরস্কারে ভূষিত হন প্রয়াত ভাস্কর আদিত্য। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, চিকিৎসা, রাজনীতি, প্রশাসক, সেরা স্কুল, সেরা কলেজসহ একাধিক ক্ষেত্রেও সেরাদেরকে এই আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়।

সংগীতে বিশেষ অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীসহ চারজন।

উপস্থাপিকা ইসরাত পায়েল অনুষ্ঠানটির অভিজ্ঞতায় মুগ্ধ। তিনি বলেন, ‘মাদার তেরেসা একজন মহিয়সী নারী। তার নামে প্রবর্তিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করাটা বিশেষ কিছু। অনেক কিছু দেখেছি, শিখেছি। সমাজের অনেক বড় মাপের মানুষদের সান্নিধ্য পাওয়ারও সুযোগ হলো।’

এর আগে এই একই সম্মানে ভূষিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিসহ বাংলাদেশের অনেক বরেণ্য ব্যক্তিরা।

  •  
  •  
  •  
  •  

Tags: