বাকৃবিতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহনন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩) শিক্ষার্থী আতিকুর রহমান খান (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

শনিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ৩৫৭/এ রুমে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমানের বাবা মোশাররফ হোসেন খান এবং মা সুলতানা আশরাফী খানম। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নে।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আতিকুর রহমানের ভাই আশিক আরমান খান বাপ্পী ও তার স্ত্রী ক্যাম্পাসে ঘুরতে আসেন। আতিক তার ভাই ও ভাবীকে নিয়ে সেদিন ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন ও ফেসবুকে রাতে ছবিও আপলোড করেন। শনিবার সকালে আতিকের ভাই আতিককে ফোন করে না পেয়ে হলে চলে যান। হলে গিয়ে দেখেন আতিকের রুম ভেতর থেকে লাগানো। জানালা দিয়ে দেখেন আতিক গলায় দড়ি লাগানো অবস্থায় পড়ে আছে।

পরে আশেপাশের শিক্ষার্থীদের সহযোগিতায় আতিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার ফাহমিদা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবেও বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •