গৌরীপুরে বেজির আক্রমণে প্রাণ গেল ৪০০ মুরগীর!
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বেজির আক্রমণে ৪০০ ব্রয়লার মুরগীর বাচ্চার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়ভাগ গ্রামে হাফিজা আক্তারের মুরগীর খামারে এ ঘটনা ঘটে। পরে মারা যাওয়া মুরগীর বাচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিমসত বড়ভাগ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা আক্তার দীর্ঘদিন ধরেই নিজ বাড়িতে মুরগীর খামারের ব্যবসা করছিলেন।
১০ দিন আগে হাফিজা তার খামারে ১ দিন বয়সী ৫শ ব্রয়লার মুরগীর বাচ্চা এনে রাখেন। শনিবার বাড়ির পাশের জঙ্গল থেকে কয়েকটি বেজি খামারে ঢুকে মুরগীর বাচ্চাদের কামড়াতে শুরু করলে প্রায় চারশ মুরগীর বাচ্চা মারা যায়। পরে প্রতিবেশীরা খামারের দিকে আসলে বেজিগুলো পালিয়ে যায়।
হাফিজা আক্তার বলেন, কিছুদিন আগে ঋণের ২০ হাজার টাকায় ৫শত ব্রয়লার মুরগীর বাচ্চা কিনে খামারে পালন করা শুরু করি। ১০ দিনে বাচ্চার খাবার ও ওষুধ বাবদ আরও ৮ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বেজিতে আমার সব শেষ করে দিল। এখন আমি ঋণ পরিশোধ করবো কী করে?

