পাকিস্তান ক্রিকেটে নতুন রূপে শোয়েব আখতার!
স্পোর্টস ডেস্ক:
কিংবদন্তি হয়েও মাঠে বিতর্কিত ছিলেন শোয়েব আখতার। কখনো নিজের ব্যবহার, কখনোবা ‘ঠোঁট কাটা’ স্বভাবের জন্য। কিন্তু গুণীর কদর না করে কতদিন? শোয়েবকে কদর করতে ভোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনেক দেরিতে হলেও সাবেক এই ফাস্ট বোলারকে বোর্ডে আনল তারা। এখন থেকে তিনি সভাপতি নাজাম শেঠির ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
বোর্ড কর্তার উপদেষ্টাই নন, তিনি কাজ করবেন বোর্ডের বিশেষ দূত হিসেবেও। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন নাজাম শেঠি। অন্যদিকে শোয়েবও আনন্দচিত্তে এই দায়িত্ব গ্রহণে সাড়া দিয়েছেন।
‘আমি নাজাম শেঠি ও পিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সবাই মিলে পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই’, গণমাধ্যমকে বলেন শোয়েব।
বোর্ডের সঙ্গে শোয়েবের দ্বন্দ্ব নতুন নয়। ক্রিকেটার থাকার সময় প্রতিপক্ষ তো বটেই, সতীর্থদের সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন বহুবার। আর অবসরের পর পিসিবির কড়া সমালোচক বনে যান এক সময় ব্যাটসম্যানদের ত্রাস শোয়েব।
বোর্ডের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন শোয়েব। মাঝে ধারাবাহিকভাবে যখন পতনের দিকে যাচ্ছিলপাকিস্তানের ক্রিকেট, শোয়েব সে সময় এই দায় দিয়েছিলেন নাজাম শেঠির ওপর। সেই শোয়েবই এবার কাজ করতে যাচ্ছেন নাজামের উপদেষ্টা হিসেবে।
পাকিস্তানের হয়ে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েব আখতারের। ১৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৪৭ উইকেট পান তিনি। ৪৬ টেস্টে ১৭৮ উইকেট শিকার করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস । এ ছাড়া ১৫টি টি-টোয়েন্টিতে ১৯ উইকেটের মালিক তিনি। ২০১১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই ‘গতিদানব’।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে পরামর্শক, ধারাভাষ্যকার ও বিশ্লেষকের ভূমিকায় দেখা গেছে শোয়েবকে।

