আইসিসির ভুলে পাকিস্তানকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিলো টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এমন আনন্দের সংবাদ উদযাপন করার আগেই আবার নতুন সংবাদ। আসলে না, এটা আইসিসির ভুল। অস্ট্রেলিয়া এক নম্বরে আসেনি। আগের মতোই পাকিস্তান এক নম্বরে রয়েছে।

২১ ফেব্রুয়ারি বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ট্রফি জয়ের আনন্দকে আরও বাড়িয়ে দেয় আইসিসি। জানায়, ক্রিকেটের সব চেয়ে ছোট ফরম্যাটে বর্তমান এক নম্বরে আছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এক নম্বরে উঠার আনন্দটা বেশিক্ষণ থাকেনি। কিছুক্ষণ পরই নিজেদের ভুল বুঝতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। হিসাবের ভুলেই অস্ট্রেলিয়াকে এক নম্বর ঘোষণা দিয়েছে আইসিসি। আসলে তারা আছে দুইয়ে।

রেটিং পয়েন্ট এক হলেও ভগ্নাংশের হিসাবে এখনও এক নম্বরে আছে পাকিস্তান। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া। যার সুবাদে পাকিস্তানের সমান ১২৬ পয়েন্ট হয়েছে তাদেরও। কিন্তু ভগ্নাংশের হিসাবে অস্ট্রেলিয়া রয়েছে দুইয়ে।

আইসিসি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ভুল স্বীকার করে জানায়, অস্ট্রেলিয়ার বর্তমান পয়েন্ট ১২৫.৬৫। পাকিস্তানের ১২৫.৮৪। তার মানে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে ০.১৯ পয়েন্ট পিছিয়ে আছে।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং

১। পাকিস্তান–১২৬

২। অস্ট্রেলিয়া–১২৬

৩। ভারত—–১২২

৪। নিউজিল্যান্ড–১১৬

৫। ওয়েস্ট ইন্ডিজ–১১৫

৬। ইংল্যান্ড——১১৪

৭। দক্ষিণ আফ্রিকা—-১১০

৮। শ্রীলঙ্কা——-৯১

৯। আফগানিস্তান–৮৮

১০। বাংলাদেশ—-৭২

  •  
  •  
  •  
  •