কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানে সরকারি চাকরিতে চলমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচির শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘কোটা পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি সুবিধা। কিন্তু সরকারের উচিত এই মানুষগুলো পিছিয়ে পড়ে কেন সেই জায়গায় কাজ করা। এটা করা নয়, মেধাবীদের বাদ দিয়ে কোটা অনন্তকাল চলতেই থাকবে। কোটা অনন্তকাল চলতে পারে না। এতে মেধাবীরা বঞ্চিত হয়। দেশ ক্ষতির সম্মুখীন হয়।’

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘ধরে নিলাম দেশে এখন ৩০% কোটার মানুষ। তাহলে আর বাকি ৭০% কোটার বাইরে। এই ৭০% এর সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য করে, তাদের মেধার মূল্যয়ন না করলে কখনই দেশের উন্নয়ন সম্ভব না।’

তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে কখনই তিনি এ বৈষম্য করতেন না। তিনি কখনই চাইতেন না এ সোনার বাংলায় দুই ধরনের লোক থাকবে। এক দল মুক্তিযোদ্ধের সন্তান আরেক দল সাধারণ মানুষ। কারণ তিনি দেশের সংবিধানে সকলের জন্য সমান অধিকারের কথা বলেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ কোটা প্রথা সংস্কার করা দরকার।’

অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

  •  
  •  
  •  
  •  

Tags: