শিক্ষার্থীদের ওপর র্যাগিং বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর র্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এসময় র্যাগিং বন্ধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ সম্প্রতি র্যাগিংয়ের ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষীদের বিচারের দাবি জানান তারা।
বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানবন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, আধিপত্য বজায় রাখতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ওপর শারীরিক-মানসিক নিপীড়ন চালায়। এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে প্রতিবাদ বিমুখ করে রাখে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ে এসে জ্ঞানচর্চার পরিবর্তে ক্ষমতা চর্চায় বেশি মনোনিবেশ করে।
সমাপনি বক্তব্যে ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, প্রশাসন ক্ষমতাসীনদের পদলেহন করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। এ কারণে এমন ন্যক্কারজনক ঘটনার পরও দোষীদের সঙ্গে আপোষ করে যাচ্ছে। তাই আপোষ না করে এসব ঘটনার বিচারের দাবি জানাই। হলগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে এনে র্যাগিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন, অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, সহ- সম্পাদক শাহাদাত নোমান, আ: কাইয়ুম, আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, সম্প্রতি সিনিয়র শিক্ষার্থীদের হাতে নির্যাতনের শিকার হয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী আজওয়াদ রহমান, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়েন।

