বাকৃবিতে কুমিল্লা সমিতির নবীনবরণ ও পুর্নমিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতির নবীনবরণ ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সাংসদ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বৃহত্তর কুমিল্লা সমিতির প্রয়াত গুণী শিক্ষক-শিক্ষিকা, সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ আগত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এম.পি

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, দেশের অর্থনীতির একটা বিশাল অংশ আসছে কৃষি থেকে আর এর জন্য নিরলস কাজ করে যাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা। এজন্য গবেষণাসহ সকল ক্ষেত্রে প্রকৃত মেধাবীদের সুযোগ দেওয়া উচিৎ।

এসময় তিনি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা লাভের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রমিক মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান এবং সমিতির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বৃহত্তর কুমিল্লার নবীন ও পুরাতন শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: