আইপিএলেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার
ক্রীড়া ডেস্ক:
বল টেম্পারিংয়ের ঘটনায় আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এ বছরের আইপিএলেও খেলতে পারবেন না।
আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে গত সোমবারই সরে দাঁড়িয়েছিলেন স্মিথ। আজ সকালে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ছাড়েন ওয়ার্নারও।
এই দুজনের আইপিএলে খেলা নির্ভর করছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। আজ দুপুরে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করে। এর পরপরই এই দুজনকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘোষণা দেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ও বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আমিতাভ চৌধুরীর সঙ্গে আলোচনা করেই স্মিথ ও ওয়ার্নারকে আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে।’
দুই ফ্র্যাঞ্চাইজিই এই দুই খেলোয়াড়ের বদলে ভিন্ন খেলোয়াড় বেছে নিতে পারবে। রাজস্থান এরই মধ্যে অজিঙ্কা রাহানেকে তাদের অধিনায়ক করেছে। হায়দরাবাদ অবশ্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি।

