জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সমস্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১ এপ্রিল নগরভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় কার্যক্রম চালাতে পারবে না।
সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, তাদের কমিটি স্থগিত করার কারণ একটা নয়। মূলত গত এক তারিখের ঘটনার পাশাপাশি জবিতে বিগত কয়েক মাসে যতগুলো সমস্যা আছে তার সবগুলো নিয়েই তদন্ত কমিটি কাজ করবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে আলীয়া মাদ্রাসা ও জবি ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

