৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার কমিশনের ওয়েবসাইটে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগে বিশেষ বিসিএসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।
বিশেষ বিসিএসের সংশোধিত বিধিমালা অনুযায়ী, মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর; বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর।
লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০।
সাধারণ ক্যাডারে নিয়োগে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের পর ২০০ নম্বরের মৌখিকসহ মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হয় চাকরিপ্রার্থীদের। সাধারণ ক্যাডারের বাইরে সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা দিতে হয়।
সাধারণত লিখিত পরীক্ষার গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। আর মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০ শতাংশ।

