বাকৃবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
সোমবার (৯ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জমা হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা। পরে সকাল ১০টার দিকে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে অনুষদীয় করিডোর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের রেললাইন অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেল যোগাযোগ বন্ধ করে দেন।
পরে ময়মনসিংহ পুলিশ প্রশাসন এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করে। শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে দুপুর ২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আল-আমিনসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের সিদ্ধান্ত জানান। পরে প্রশাসনের কর্মকর্তারা চলে যান।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।


