পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:
অভিবাসন সংক্রান্ত বিতর্কের জেরে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড।
২৯ এপ্রিল, রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ফোন করে নিজের পদত্যাগের কথা জানান অ্যাম্বার রাড।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘উইন্ডরাশ জেনারেশন’ অভিবাসন সংক্রান্ত বিতর্কে পদত্যাগ করতে বাধ্য হন রাড। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ব্রিটেনের শ্রমিক ঘাটতি কমাতে কিছু ক্যারিবিয়ান অভিবাসীদের সেদেশে আনা হয়। তাদেরকেই বলা হয় উইন্ডরাশ জেনারেশন। কিন্তু তাদের বংশধরদের এখন ব্রিটেন থেকে অপসারণের চেষ্টা করছিলেন অ্যাম্বার রাড।
গার্ডিয়ান শুক্রবার অভিবাসী অপসারণসংক্রান্ত কিছু নথি ফাঁস করে। এর মাঝে ছিল ২০১৭ সালে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে লেখা অ্যাম্বার রাডের একটি চিঠি। রাড তাতে লেখেন, তিনি অভিবাসী অপসারণের মাত্রা আরও ১০% বাড়াতে চান।
গত সপ্তাহেই ব্রিটিশ সংসদে অ্যাম্বার রাড দাবি করেছিলেন, উইন্ডরাশ জেনারেশনের বংশধরদের দেশ থেকে অপসারণের কোনো লক্ষ্য নেই তাদের। কিন্তু এই চিঠি ফাঁস হওয়াতে দেখা যাচ্ছে তিনি এ ব্যাপারে মিথ্যা বলেছিলেন।
এই চিঠি ফাঁস হওয়ার পর রবিবার থেরেসা মে’কে ফোন করে নিজের পদত্যাগ নিশ্চিত করেন রাড। তার পদত্যাগপত্র সেদিনই প্রকাশ করে দি গার্ডিয়ান। এতে রাড লেখেন, তার কার্যালয় থেকে দেওয়া ওই তথ্যের (অভিবাসী অপসারণের মাত্রা ১০% বাড়ানো) ব্যাপারে তিনি অবগত ছিলেন না, এই গাফিলতির জন্যই তিনি পদত্যাগ করছেন।

