রাবি শিক্ষক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ মে ওই হত্যামামলার রায় উপলক্ষে রবিবার ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুকুল চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে সেখানে মানববন্ধনে দাঁড়ান তারা।
এ সময় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগামী মঙ্গলবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালে রেজাউল করিম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আশা করি এ রায়ে ন্যায় বিচার পাবো।’
বিভাগের সভাপতি অধ্যাপক এ.এফ.এম. মাসউদ আখতার বলেন, ‘রেজাউল স্যারের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আশা করছি ন্যায় বিচার পাবো। তবে সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের আন্দোলন কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহী শহড়ের শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছাকাছি অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন নগরীর গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউস সাদিক। প্রায় সাড়ে ৬ মাসের তদন্ত শেষে ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামি করে প্রতিবেদনটি আদালতে জমা দেন তিনি।
এর মধ্যে গত ১১ এপ্রিল মামলায় উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ, শুনানি ও দুই দিনের যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আগামী ৮ মে এ মামলার রায় ঘোষণা দিন নির্ধারণ করেন।

