চীনে শুরু হয়েছে বরফ উৎসব
আন্তর্জাতিক ডেস্ক:
বরাবরের মতো এ বছরও চীনের হারবিন শহরে শুরু হয়েছে বরফ উৎসব। এবারের আয়োজনে এক লাখ ৮০ হাজার টন বরফ কেটে বানানো হয়েছে নানা ধরণের দালান ও ভাস্কর্য। ৫০ বছরেরও বেশি পুরনো এই উৎসব শুরু হয়েছে ৫ জানুয়ারি আর শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।
ক্রিসমাস ডে’র আনন্দ শেষ হতে না হতেই বরফ উৎসবের শুরু হওয়ায় আনন্দে ভাসছে চীনের হারবিন শহর। চীনের বাৎসরিক এই অনুষ্ঠান এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসবে। উৎসবে শীতকালের বরফের সাথে হাজার হাজার টন বরফ কেটে তৈরি করা হয় বিভিন্ন ধরনের অবকাঠামো। হারবিন শহরের ভেতরেই যেন ক্ষুধে একটি বিশ্ব।
এবারের বরফ উৎসবে এক লাখ ৮০ হাজার টন বরফ কেটে তৈরি করা হয়েছে দুর্গ, টাওয়ার, মন্দির আর ভাস্কর্য। শীতের রাতে পুরো রাজ্য হয়ে ওঠে আরো ঝলমলে ও আকর্ষণীয়। প্রত্যেকবারই নতুন কিছু তৈরি করা হয় এই নগরীতে। আর নজর রাখা হয়, যেন একটার সাথে আরেকটা মিলে না যায়।
আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড ডেপুটি ম্যানেজার ওয়াং ঝেংগু জানান, আমরা ১৩দিন ধরে এই আইস ওয়ার্ল্ডের বিভিন্ন দালানগুলো বানাই। প্রত্যেকবারই আমরা চেষ্টা করি আগেরবারের চেয়ে ভিন্ন কিছু তৈরি করতে। নতুন নতুন ধারণার সাথে আমরা প্রযুক্তিও ব্যবহার করি।
মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিবছরই প্রচুর পর্যটক আসে এই বরফ নগরীতে। তাদের জন্য ব্যবস্থা থাকে বিভিন্ন পরিবহনেরও। ১৯৬৩ সাল থেকে চলে আসছে এ বরফ উৎসব প্রতিবারই বাড়ছে জৌলুস।

