আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডি ভিলিয়ার্সের অবসর
স্পোর্টস ডেস্ক:
সবাইকে অবাক করে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মৌসুম শেষ করার মাত্র চার দিন পর হঠাৎ করেই এই ঘোষণা দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান। আজ টুইটারে এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তিনি ‘ক্লান্ত’।
তিনি বলেছেন, “তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলার পর মনে হয়েছে, এখন অন্যদের দায়িত্ব নেয়ার সময়। সত্যি বলতে আমি ক্লান্ত।”
সিদ্ধান্তটা সহজ ছিল না বলেই জানালেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান ডি ভিলিয়ার্স, “এটা একটি কঠিন সিদ্ধান্ত, আমি এটা নিয়ে দীর্ঘ এবং কঠিন চিন্তা করেছি। এখনো ভালো ক্রিকেট খেলার সময়ই আমি অবসর গ্রহণ করতে চাই। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর মনে হয়েছে, সরে যাওয়ার এটাই সঠিক সময়।”
দক্ষিণ আফ্রিকার ৩৪ বছর বয়সী ডানহাতি মারমুখি উইকেট কিপার ব্যাটসম্যান লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। এরপর তিনি জাতীয় দলের হয়ে ১১৪টি টেস্ট খেলেছেন। টেস্টে ৮ হাজার ৭শত ৬৫ রান করেন। এতে ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি আছে।
এক বছর পর ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোষাকে অভিষেক। এরপর জাতীয় দলের হয়ে ২২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি ছাড়াও ৫৩টি হাফসেঞ্চুরি নিয়ে করেছেন ৯ হাজার ৫শত ৭৭ রান। এছাড়া ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার।
সূত্র: ক্রিকবাজ

