বাকৃবিতে প্রফেসর ড. মোতাহার হোসেন মন্ডলকে বিদায়ী সংবর্ধনা প্রদান
মো. আব্দুর রহমান, বাকৃবি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো. মোতাহার হোসেন মন্ডলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কনফারেন্স কক্ষে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্যারাসাইটোলজি বিভাগ।
প্যারাসাইটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাহ্সিন ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. প্রিয় মোহন দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাজিম আহমাদ, প্রফেসর ড. মির্জা আবুল হাসিম, প্রফেসর ড. নূরজাহান বেগম, প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মো. সহিদুজ্জামান প্রমুখ।
এছাড়া প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দসহ অনুষদের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. মোতাহার হোসেন মন্ডল ১৯৫১ সালের ২৪ আগস্ট কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মন্ডল পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রী লাভ করে সেখানেই লেকচারার হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
১৯৮৩ সালে ভারতের পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়, লুধিয়ানা থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্য থেকে পোষ্ট ডক্টরাল এবং জার্মান একাডেমিক এক্সচেঞ্জ ফেলোশিপের আওতায় উচ্চতর গবেষণায় অংশগ্রহণ করেন। এছাড়া গবেষণা ও সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি নেপাল, যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, ডেনমার্ক, সুইডেন ও দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সফল গবেষক হিসেবে তাঁর গবেষণা ফলাফল দেশে-বিদেশের বিভিন্ন খ্যাতনামা র্জানালে প্রকাশিত হয়েছে। গবেষণায় গুরুত্বপূর্ন অবদানের জন্য তিনি ‘দি নিউইয়র্ক একাডেমি অব সায়েন্সেস’ এর সদস্য পদ লাভ করেন। এছাড়া তিনি ‘জীবন নদীর স্রোতে’ নামক আত্মজীবনীমূলক পুস্তক রচনা করেছেন।

