বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মঞ্চে ভয়াবহ অগ্নিকান্ড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৫৭তম বছর পূর্তি এবং হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মূল মঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সাহিদুর রহমান। তিনি জানান, মঞ্চসহ সবকিছু পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

অন্যদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্যান্ডেলে আকস্মিকভাবে আগুন লাগে। প্যান্ডেলটিতে ৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান ওসি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৩শ’ গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান রোববার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি জ্ঞাপন করেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: