শপথ গ্রহণ করলেন গাজীপুর সিটির মেয়র-কাউন্সিলররা
নিজস্ব প্রতিবেদক:
শপথ গ্রহণ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জেসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
বৃহস্পতিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তারা শপথ নেন। মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের শপথের পর তাদের উদ্দেশে বলেন, সবাইকে একটা অনুরোধ করবো- দেশের মানুষের সেবা করতে হবে। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ ভোট দিয়েছে। যার যার এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
সরকারপ্রধান বলেন, দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন, আমরা সে সুযোগ সৃষ্টি করেছি। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা আমাদের দায়িত্ব। নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবে কাজ করি।
উন্নয়ন কার্যক্রমে সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। দেশকে ক্ষুধা মুক্ত করেছি। এখনও দারিদ্র্যমুক্ত করতে পারিনি। ইনশাল্লাহ ২০২১ সালে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীকে তিনি পান চার লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার, তিনি পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
এছাড়া, করপোরেশনের ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। বাকি ৫৬টি কাউন্সিলর পদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন ৩৭টিতে এবং বিএনপির প্রার্থী জয়ী হন ১২টিতে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী জয়ী হন ২ ওয়ার্ডে।

