লাখো মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাঁহ
নিউজ ডেস্ক:
লাখো মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাঁহ ময়দান। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে সে সময় আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এই প্রধান জামাতটি।
সোমবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে এমন কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি জানান, জাতীয় ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা।
জাতীয় ঈদগাহে প্রায় ৫ হাজার নারীসহ একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। তবে নারীদের নামাজের ব্যবস্থা প্রতি বছরের মতই আলাদা রাখা হয়েছে বলেও জানান মেয়র।
সাঈদ খোকন জানান, নামাজ আদায়ের পূর্বে এক সাথে ১৫০ জন পুরুষ মুসল্লির অযু করার ব্যবস্থা রয়েছে। এক সাথে ৫০ জন নারী মুসল্লিও অযু করতে পারবেন।
মেয়র বলেন, রাস্তায় নামাজ আদায়কারীদের পানির চাহিদা মেটানোর জন্য ডিএসসিসির সৌজন্যে এবার ঈদগাহ ময়দানের বাইরে বোতল জাত পানির ব্যবস্থা করা হচ্ছে। এটা এবারই প্রথম।
এছাড়া বিগত কয়েক বছরের মতো এবারও বজ্রপাত প্রতিরোধক যন্ত্র বসানো হবে। একই সাথে জরুরি টেলিফোন বুথ ও পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের নামাজ আদায় করতে এসে কোন মুসল্লি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হবে জাতীয় ঈদগাহে।

